বাংলার তামিল গ্রাম গদিবেড়ো
রত্না ভট্টাচার্য্য শক্তিপদ ভট্টাচার্য্য সপ্তাহের ছুটিতে কোথাও যাওয়ার কথা ভাবছেন? কোথায় যাবেন, কীভাবে যাবেন, থাকার জায়গা আছে কি না, কী কী দেখবেন– এ সবও নিশ্চয়ই ভাবতে হচ্ছে। এবার থেকে সেই দায়িত্ব আমাদের। যাঁরা বেড়াতে ভালবাসেন, যাঁরা দেখতে চান বাংলার মুখ, তাঁদের কথা মনে রেখেই শুরু হল নতুন এই ধারাবাহিক ‘পায়ে পায়ে বাংলা’। এ হল বেরিয়ে পড়ার ভ্রমণ গাইড। এ এমন এক সোনার কাঠি, যার ছোঁয়ায় জেগে উঠবে রোজকার হাঁপিয়ে ওঠা জীবন, ফুসফুসে ভরে নেওয়া যাবে তাজা হাওয়া, মন মেতে উঠবে আনন্দে। তা হলে আর দেরি নয়। খুঁজে নিন আপনার পছন্দের জায়গা, গুছিয়ে ফেলুন ব্যাগ, হুশ করে বেরিয়ে পড়ুন সপ্তাহের শেষে। আপনার সঙ্গে রয়েছে ‘পায়ে পায়ে বাংলা’। আক্ষরিক অর্থেই পাহাড়ের গায়ে গ্রাম। যে গ্রামটিকে সস্নেহে কোলে তুলে নিয়েছে বেড়ো পাহাড়, তার নাম গদিবেড়ো। ছোট বড় কুটির, অট্টালিকা, দিঘি-জলাশয় নিয়ে এক সম্পন্ন গ্রাম। গ্রামপত্তনের কাহিনীটি বড় চমৎকার। সেই চমৎকার কাহিনী জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় দুশো বছর। পুরুলিয়ায় পঞ্চকোটের রাজা তখন গরুড় নারায়ণ সিংহ, তিনি দক্ষিণ ভারতের তিরুপতিতে তীর্থ করতে গিয়েছিলেন। সেখানে গ...